খুলনার ‘প্রিয় ফিশ ডিপো’ নামের একটি প্রতিষ্ঠানে চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় ৭০ কেজি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পূর্ব রূপসা ঘাটের মাইক্রোবাস স্ট্যান্ডের বিপরীতে একটি ডিপোয় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের ফকিরহাটের আনন্দ গাইন, সাতক্ষীরার আলী মুনসুর, রূপসার মো. সেলিম, রফিকুল ইজারদার, ইমন মোল্লা, বাবুল শেখ ও খুলনা সদর থানার টিপু সিকদার।
র্যাব-৬ এর এএসপি অহ্ন চাকমা জানান, প্রিয় ফিশ ডিপোর বাইরে থেকে দরজায় তালা দিয়ে ভেতরে চিংড়িতে ক্ষতিকর জেলি অপদ্রব্য পুশ করা হচ্ছিল। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিম ও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ৭০ কেজি চিংড়ি জব্দ করা ও ৭ জনকে কারাদণ্ড প্রদান করা হয়।