অকালে শেখ কামালের চলে যাওয়ায় ক্ষতি হয়েছে ক্রীড়াঙ্গনের

১৫ই আগস্ট, আজ জাতীয় শোক দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই সেদিন হত্যা করা হয়নি, সেদিনের হত্যাযজ্ঞে জীবন হারিয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের আরেক প্রাণপুরুষ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল, যিনি এ দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক রূপ দিতে চেয়েছিলেন। শেখ কামাল অকালে চলে গিয়েছিলেন। তার চলে যাওয়ার পর আজও সেই শূন্যতা পূরণ করতে পারেনি কেউ। আজও শেখ কামালের যোগ্য ক্রীড়া সংগঠক হয়ে উঠতে পারেননি একজন। 

শেখ কামাল যেভাবে দেশের ক্রীড়াঙ্গনটাকে সাজাতে চেয়েছিলেন, তা সবার জানা। কিন্তু তার পরবর্তী সংগঠকেরা সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা শেখ কামালের স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে। দেশের ক্রীড়াঙ্গনটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক তারকা ফুটবলার কাজী সালাহউদ্দিন, খ্যাতনামা সংগঠক তানভীর মাজহার তান্না, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক, আবাহনীর প্রথম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বরকত এ খোদাসহ অনেকেরই মুখে একটা কথা স্পষ্ট, শেখ কামালের অনুপস্থিতি ক্ষতি করেছে দেশের ক্রীড়াঙ্গন।

ক্রিকেট, ফুটবলে এখন পাতানো খেলা হয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থতার ডালা নিয়ে ফিরে আসে। খেলার দুনিয়ায় আজও বাংলাদেশের শক্ত অবস্থান করতে না পারায় এখন খেলোয়াড় তৈরির কাঠামো গড়ে ওঠেনি। আবাহনীর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ কামাল। শুধু আবাহনীকে নিয়ে স্বপ্ন দেখতেন না, অন্যান্য ক্লাবকে সমান শক্তির দল গড়ার পেছনে প্রেরণা দিতেন তিনি। প্রয়োজনে অন্য ক্লাব আঙ্গিনায় গিয়ে সেখানকার খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেন। সাদামাটা মানুষটাকে পেয়ে সবাই কাছের মানুষ, আপন মানুষের মতো দেখতেন। একজন প্রেসিডেন্টের ছেলে হয়েও যিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতেন। খেলাধুলার মানুষদের মধ্যে হয়ে উঠতেন মধ্যমণি। ঘনিষ্ঠজনেরা কিংবা যারা কাছে আসার সুযোগ পেয়েছিলেন তারাই ৭৫-পরবর্তী সময়ে বারবার বলে এসেছেন ক্রীড়াঙ্গন নিয়ে শেখ কামালের পরিকল্পনার কথা। এমনকি প্রয়োজনের সময় শেখ কামাল নিজে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও কথা বলতেন। সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করতেন। ক্লাবগুলোকে অর্থসহযোগিতা দেওয়ার চেষ্টা করতেন।

কাজী সালাহউদ্দিন বললেন, ‘শেখ কামাল বলেছিলেন, এশিয়ার টপে যাওয়ার পরিকল্পনা করতে হবে।’ একজন তরুণ সংগঠক সেই সময় দেশের ক্রীড়াঙ্গনকে এশিয়ার টপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন কি আজও পূরণ হয়েছে?