ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বঙ্গবন্ধুর দেশ পরিচালনার মূলনীতি বিশ্বে অনন্য। যা মানুষের মুক্তির জন্য, মানব কল্যানের জন্য, সভ্য সমাজ গঠনের জন্য একটি পিলার হিসেবে কাজ করছে। তার এই মূলনীতি থেকে বেরিয়ে এসে সভ্য জাতি গঠন করা খুবই মুশকিল।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট আয়োজিত 'বেদনাবিধুর আগস্ট ও বৈশ্বিক প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ' শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বঙ্গবন্ধুর পরিচয় ছিল জীবনের থেকে বড়। ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত এমন কোনো আন্দোলন নেই যার সাথে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ বা পরোক্ষ সংযুক্তি নেই। তিনি সবসময় কেন্দ্রবিন্দুতে থেকেছেন। যার মাধ্যমেই আমরা পেয়েছি স্বাধীন দেশ। আজকের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধু অনেক আগেই দেখে গিয়েছিলেন। দেশের উন্নয়নের বীজ তার সময়ই বপন করা হয়েছিলো।
তিনি বলেন, মৃত্যু মানুষকে পৃথিবী থেকে উধাও করে দেয় কিন্তু কিছু মানুষ যারা মরে গিয়েও মরেন না তারা বরং স্থান করে নেন ইতিহাসের পাতায়, মানুষের মনে। তাদের নাম পাথরে লেখা থাকেনা মনে লেখা হয়ে যায়। এই কাতারের মানুষ বঙ্গবন্ধু।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মৃত্যু ছিল একদমই অস্বাভাবিক। এই বেদনাভূত ঘটনাটি আরো বেশি ঘনীভূত হয় যখন শুধু বঙ্গবন্ধু নয় তার পরিবারের অন্যান্য সদস্যদেরও কাপুরুষোচিত ভাবে হত্যা করা হয়, যা পৃথিবীর ইতিহাসে বিরল। এছাড়া যারা বঙ্গবন্ধুর ছায়া হয়ে দেশকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলেন তাদেরকে পৈশাচিক ভাবে জেলের ভেতরে হত্যা আরো দুঃখজনক। তাই আমরা দাবি জানাই একটি কমিশন গঠন করে শুধু খুনীদের নয় এর মদদদাতাদেরও চিহ্নিত করে বিচার করতে হবে।
উপাচার্য বলেন, এখন দেশের মানুষ অনেক স্বাচ্ছন্দ্যে আছে। তারপরও একটা হাহাকারের রব তুলে এই দেশকে পিছানোর চেষ্টা করা হচ্ছে। এটা আসলে তাদের ঈর্ষা। বাংলাদেশে এখনও খারাপ সময় আসেনি। আমরা সেটা যুক্তি দিয়ে বলতে পারি।
আলোচনা সভায়, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
মুখ্য আলোচক ছিলেন ইবির সাবেক উপাচার্য প্রফেসর ড. রাশিদ আশকারী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির জাতীয় শোক দিবস উদযাপন কমিটি ২০২২ এর আহ্বায়ক প্রফেসর ড. আবু হেনা মোস্তফা জামাল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।