এক বছর সময় চান সিডন্স

গত ডিসেম্বরে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবেই বাংলাদেশে ফিরেছিলেন জেমি সিডন্স। কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় ডেভেলপমেন্ট বিভাগে কাজের সুযোগই পাচ্ছেন এই অস্ট্রেলিয়ান কোচ। তাই জাতীয় দল থেকে সরিয়ে সিডন্সকে ভবিষ্যতের ব্যাটসম্যান গড়ায় কাজে লাগাতে চায় বিসিবি। বাংলাদেশে ব্যাটিং কোচ নিজেও এই কাজেই আগ্রহী। এক বছরের মধ্যে বিভিন্ন পজিশনের জন্য ব্যাটসম্যান তৈরির চ্যালেঞ্জ নিতে চান সিডন্স। গতকাল এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দ্রুতই সিডন্সকে ডেভেলপমেন্টের কাজে ন্যস্ত করবে বিসিবি। গতকাল বোর্ড সভাপতি বলেছেন, ‘সিডন্সের সঙ্গে কথা আগে থেকেই ছিল যে শুধু জাতীয় দল নিয়ে কাজ করবে না, ডেভেলপমেন্টে কাজ করবে। ওরও ইচ্ছে এরকমই ছিল। কিন্তু এখানে আসার পর শুধু জাতীয় দলের সঙ্গেই ভ্রমণ করছে। ডেভেলপমেন্টে কাজই করতে পারছে না। জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে সময়ই পাচ্ছে না। সামনে সে মূলত ডেভেলপমেন্টে কাজ করবে।’

পাপন আরও বলেন, ‘বিভিন্ন বয়সী ১০-১৫-২০টি ছেলে যদি আমরা তাকে দিয়ে দেই, এইচপিতে এরকম ছেলে আছে, ‘এ’ দল, বাংলাদেশ টাইগার্সে আছে। ওদের নিয়ে কাজ করে সে তৈরি করে দেবে। সে এক বছর সময় চাচ্ছে। এরপর সে (ব্যাটিং) পজিশন ধরে ধরে আমাদের ব্যাটসম্যান দিতে পারবে।’

সিডন্সকে এখনই এই কাজে পাঠালে এশিয়া কাপে ব্যাটিং কোচের জায়গায় শূন্যতা তৈরি হবে। তা নিয়েও ভাবতে হচ্ছে বিসিবিকে। এশিয়া কাপের হেড কোচ, সিডন্সকে ডেভেলপমেন্টে পাঠানো, ডমিঙ্গোর ভাগ্য নির্ধারণসহ সবকিছুই ২২ আগস্টের মিটিংয়ে চূড়ান্ত করবে বিসিবি। তবে টি-টোয়েন্টির কোচিং স্টাফ আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন পাপন।