শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আগামী শুক্রবার (২৬ আগস্ট) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) সফরে আসছেন। শনিবার (২০ আগস্ট) গুচ্ছের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সাংবাদিকদের এই কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, শোকের মাস আগস্টের আলোচনা সভায় অংশ নিতে মাননীয় শিক্ষামন্ত্রী আগামী ২৬ তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন। আমরা মাননীয় মন্ত্রীর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। শোক দিবসের আলোচনা সভার পাশাপাশি এইদিন তিনি বিশ্ববিদ্যালয়ের লেক ও কেন্দ্রীয় মন্দির উদ্বোধনের কথা রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ ইত্তেফাককে বলেন, শিক্ষামন্ত্রী আসছেন এটা নিশ্চয়ই আনন্দের সংবাদ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভবনার কথা বলতে পারবো। আবার শিক্ষামন্ত্রীর আগমন পাবনাবাসীর জন্যেও বড় পাওয়া। এটা পাবনাবাসীর ওপরেও ইতিবাচক একটা প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আবদুল আলীম ইত্তেফাককে বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা সেক্টরের অভিভাবক। পাবিপ্রবিতে তার আগমন নিঃসন্দেহে আনন্দের বিষয়। শোকের মাসে তার এই আগমন একদিকে যেমন বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত করবে অন্যদিকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উনার নির্দেশনা অগ্রগতির পথে আরেকটি মাইলফলক সৃষ্টি করবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১লা মার্চ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে বাংলাদেশ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসেছিলেন। এরপর সরকারের মন্ত্রী পর্যায়ের কোন ব্যক্তি পাবিপ্রবি সফর করেননি।