ব্যাগের ভেতর মিললো জীবিত নবজাতক

সিরাজগঞ্জের কামারখন্দে একটি ব্যাগ থেকে এক ছেলে নবজাতকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আলোকদিয়ার রেল সেতু এলাকায় ব্যাগে থাকা ওই নবজাতকে উদ্ধার করা হয়। 

কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, সকালে বৃষ্টির সময় আলোকদিয়ার রেল সেতুর পাশে ব্যাগের মধ্যে নড়াচড়া দেখে এগিয়ে যান আসমা বেগম নামে এক নারী। তখন তিনি ব্যাগে জীবিত নবজাতককে দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই নবজাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া নবজাতকের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সবুজ আলী জানান, নবজাতক ওই শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকের জন্য দুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমনুল হক জানান, নবজাতক ওই শিশুটির শারীরিক অবস্থা ভাল আছে। কিন্তু সে শঙ্কামুক্ত নয়।