জাতিসংঘের সদস্য দেশগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সম্মানে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মঙ্গলবার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
অনুষ্ঠানটি ভারত, শ্রীলঙ্কা, জাপান, রাশিয়া, চীন, সৌদিআরব, কাতারসহ শতাধিক দেশের স্থায়ী প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের মিলনমেলায় পরিণত হয়। বিশাল এই সমাগমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসাবে পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক-এর প্রার্থিতার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন: হংকংয়ে পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক উপস্থিত কূটনীতিকদের সামনে বৈশ্বিক অভিবাসনের সাম্প্রতিক চালচিত্র (মাইগ্রেশন অর্ডার ৩.০) তুলে ধরেন। তিনি নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসন প্রতিষ্ঠায় একটি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন এবং অভিবাসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আইওএম ও অভিবাসন নিয়ে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা বৈশ্বিক কল্যাণে ব্যবহার করতে চান মর্মে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিবাসন বিষয়ক বিশেষ দূত এবং আইওএম-এ দীর্ঘ ১২ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার কূটনীতিক। আইওএম এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল হিসেবে তিনি কাজ করার সুযোগ পেলে বৈশ্বিক অভিবাসনের উন্নত ব্যবস্থাপনার ক্ষেত্রে আইওএমকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন’।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাংলাদেশ এবং স্পেনকে আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের মোডালিটিস নির্ধারণে কো-ফ্যাসিলেটেটর নিয়োগ দেওয়া হয়। আজ বাংলাদেশ ও স্পেন জাতিসংঘে এই রেজুলেশনের জিরো ড্রাফট এর উপর প্রথম অনানুষ্ঠানিক আলোচনা পরিচালনা করে। যেখানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও স্পেনের স্থায়ী প্রতিনিধি কো-ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন।
আগত বিদেশী কূটনীতিকদের বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয় এবং ঈদ উপহার হিসেবে বাংলাদেশের চাসহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদান করা হয়।
জাতিসংঘ সদরদপ্তরে কর্মরত বাংলাদেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব একদিনের সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।
ইত্তেফাক/এমআরএম