হাতিয়ায় হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা ও দ্বায়রা জজ নিলুফা সুলতানা এ রায় প্রদান করেন। এ রায়ে যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাদেরকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিত সোহরাব হোসেন (৪০) ও ইলিয়াছ হোসেন (৩৬) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের ইমাম হোসেনের ছেলে। 
 
জানা গেছে, আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে শুনানী শেষে সোহরাব ও ইলিয়াছেন বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার অপর আসামি আবুল কালাম, রিপুলা আকতার ও সেলিনা আকতার এর বিরুদ্ধে অভিযোগ সন্ধাহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে খালাস প্রদান করেন। রায়ের পর পরই দুই ভাইকে জেলহাজতে প্রেরণ করা হয়।  

উল্লেখ্য ২০১৭ সালের ২৩ এপ্রিল সকালে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন (৩৫) সঙ্গীয় কয়েকজনকে নিয়ে পানিনিস্কাশনের জন্য বাড়ির পার্শ্বে বাঁধ কাটতে যায়। কিছুক্ষনপর দণ্ডপ্রাপ্তরাসহ ৫ জন গিয়াস উদ্দিনকে বাঁধ কাটতে বাধা দেয় এবং পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।