গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অগ্রিম পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার অভিযোগে ‘বিগ বস’ খ্যাত নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর সমন জারি হল তার বিরুদ্ধে।

সোমবার লখনউয়ের একটি আদালত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আদালত সূত্রে জানা গিয়েছে, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনউয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি নাচগানের অনুষ্ঠান করার কথা ছিল স্বপ্নার। তার জন্য অগ্রিম অর্থ দেওয়া হয়েছিল তাকে। অন্যদিকে অফলাইন ও অনলাইনে অনুষ্ঠানের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি বিখ্যাত নর্তকী। এর ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানস্থলে এসেও ফিরে যান। চাপে পড়েন আয়োজকরা।

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনউয়ের আশিয়ানা থানায় মামলা দায়ের হয় স্বপ্নার বিরুদ্ধে। একই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। তাদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় স্বপ্নার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। বহু ক্ষেত্রে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও খবর।

তবে ২০২১ সালের মামলার প্রেক্ষিতেই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গেছে। ওই মামলায় মাঝে জামিনও পেয়েছিলেন ‘বিগ বস’ এই নৃত্যশিল্পী। সোমবার আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি উপস্থিত হননি। এমনকী আইনজীবীর দ্বারা কোনও আবেদনও করা হয়নি শিল্পীর তরফে। এই অবস্থায় চুক্তিভঙ্গের অভিযোগ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে লখনউয়ের একটি আদালত।