হিন্দি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়ায় অনেকটা আড়ালেই থেকে গেছেন হুমা কুরেশি। তার সে আক্ষেপ ঘুচিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। গত বছর সনি লিভে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘মহারানি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আলোচিত হন তিনি। আজ মুক্তি পাবে প্রশংসিত এই সিরিজের দ্বিতীয় সিজন।
এই অভিনেত্রী জানান, ‘মহারানি’ তার ক্যারিয়ারে গতিপথ ঘুরিয়ে দিয়েছে; নানা ধরনের বৈচিত্র্যময় প্রজেক্ট যুক্ত হওয়ার সুযোগ উন্মুক্ত করে দিয়েছে। জুগিয়েছে আত্মবিশ্বাস। হুমা মনে করেন, এখন যেকোনো সিনেমা বা সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করতে পারবেন। তিনি বলেন, ‘আমি ওটিটির জন্য এখন অনেকগুলো কাজ করছি। প্রতিটিতে বৈচিত্র্যময় চরিত্রে সুযোগ পেয়েছি। এটা হয়েছে ‘মহারানি’র সাফল্যের জন্যই। কেবল ওটিটি নয়, সিনেমার প্রস্তাবও পাচ্ছি। একের পর এক ইন্টারেস্টিং সব প্রস্তাব পেয়ে আমি রীতিমত রোমাঞ্চিত।’
সামনে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীকে দেখা যাবে খাবারবিষয়ক লেখক ও পাচক তারলা দালালের বায়োপিক ‘তারলা’য়। এ ছাড়া ‘পূজা মেরি জান’, ‘ডাবল এক্সএল’, ‘মনিকা ও মাই ডার্লিং’ সিনেমায় দেখা যাবে। তাকে ‘ডবল এক্সএল’ ছবিতে স্থূলকায় একজন নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নিজের সাম্প্রতিক কাজ সম্পর্কে হুমা বলেন, ‘আমার ক্যারিয়ারে বড় বদল ঘটে গেছে। এখন নারীদের জন্য দারুণসব চরিত্র লেখা হচ্ছে। সিনেমা ও স্ট্রিমিং সাইটগুলোতে ভালো কনটেন্টের যেন জোয়ার এসেছে।
হুমা বলেন, ‘মহারানি’ ও ‘তারলা’য় মূলত সফল নারীর জয়গান গাওয়া হয়েছে। ‘মহারানি’ সিরিজে নিজের চরিত্র নিয়ে বলেন, ‘আমার অভিনীত রানি ভারতী চরিত্রের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিয়ে বার্তা দেওয়া হয়েছে। নারীবাদের কোনো কিছু না জেনেই রানি প্রচণ্ডভাবে নারীবাদী। এমনকি তিনি ‘নারীবাদ’ বলে কোনো শব্দই শোনেননি, যা অনেক ভারতীয় নারীর ক্ষেত্রেই সত্যি! কিন্তু তারা খুবই শক্ত ধাঁচের, অনেক কিছু অর্জন করেছেন।’ হুমা কুরেশির বলিউড ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হয়েছে চলতি বছর। এক দশকের এই সফর অভিনেত্রীর কাছে মিশ্র অভিজ্ঞতার।
২০১২ সালে অনুরাগ কশ্যপের বহুল প্রশংসিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’র দুই কিস্তিতে মোহসিনা চরিত্রে অভিনয় করে আলোচিত হন। পরের এক দশকে ‘বদলাপুর’, ‘ডি-ডে’, ‘দেড় ইশকিয়া’, ‘জলি এলএলবি টু’র মতো আলোচিত সিনেমায় দেখা যায় তাকে। অভিনয় করেছেন বেশ কয়েকটি তামিল, ইংরেজি ও মারাঠি সিনেমাতেও। সুঅভিনেত্রী হিসেবে নামডাক আছে তার। তবে ‘মহারানি’ থেকে শুরু করে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, বারবার নিজের অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি।
বলিউডের কমার্শিয়াল ছবি থেকে শুরু করে অন্যধারার ছবি ও ওয়েব সিরিজ—সব জায়গাতেই অবাধ বিচরণ হুমার। দিল্লিতে জন্ম তার। বাবা একাধিক রেস্তোরাঁ চালাতেন। ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন হুমা। স্নাতক হওয়ার পরে তাই বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে অভিনয়ে মন দিতে চেয়েছিলেন হুমা। পকেটে মাত্র এক হাজার টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন। নিজের কাজ দিয়ে এখন তিনি ২৫ কোটি টাকার মালিক। নিজের যোগ্যতায় অবস্থান গড়েছেন ৩৬ বছর বয়সী হুমা। সিনেমায় সুযোগ পাওয়ার আগে দিল্লিতে বিভিন্ন থিয়েটার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০৮ সালে দিল্লি থেকে মুম্বাই পাড়ি দেন হুমা। হুমার তখন জেদ, মা-বাবার কাছে প্রমাণ করতেই হবে, অভিনয়কে পেশা হিসেবে বেছে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।