নেট বোলার হয়ে দুবাই গেলেন রিশাদ

বাংলাদেশের ক্রিকেটের অন্দরমহলে কান পাতলেই শোনা যাবে মানসম্পন্ন লেগ স্পিনার না পাওয়ার হাহাকার। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে লেগ স্পিনের বিপক্ষে সবসময় বড় পরীক্ষা দিতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের।

আসন্ন এশিয়া কাপেও তার ব্যতিক্রম নেই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই লেগ স্পিনের ধাঁধার মুখে পড়তে হবে সাকিব-মুশফিকদের। আগামী ৩০ আগস্ট শারজাহতে আফগানিস্তানের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অনুমিতভাবেই এই ম্যাচে টাইগারদের সামনে একঝাঁক স্পিনার লেলিয়ে দেবে আফগানরা। 

মুজিব উর রহমান, মোহাম্মদ নবি থাকলেও বাংলাদেশ শিবিরের জন্য চিন্তার কারণ হবেন রশিদ খান। সময়ের সেরা লেগ স্পিনার তিনি। রশিদকে খেলার আগে কিছু সময় হলেও নেটে লেগ স্পিন খেলা প্রয়োজন। তারপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ দল। লঙ্কান দলে আছেন লেগ স্পিনার ভানিদু হাসারাঙ্গা। বল হাতে তিনিও বেশ কার্যকর।

আর এজন্যই তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে নেট বোলার হিসেবে দুবাই পাঠাচ্ছে বিসিবি। গতকাল রাতেই দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রিশাদ। 

নেট বোলার হিসেবে গেলেও এটিকে নিজের ক্যারিয়ারের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন রিশাদ, ‘সবারই ভালোলাগা কাজ করে, আমারও লাগছে। আমার কাছে বড় সুযোগ, সেরাটা দিয়ে দলকে সাহাঘ্য করার চেষ্টা করব। যেহেতু বড় বড় লেগ স্পিনারদের বিপক্ষে খেলবে, আমার চেষ্টা থাকবে সম্ভাব্য সেরাটা দেওয়া।’