পাটপণ্য উৎপাদনে বন্ধ জুটমিল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার: পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের প্রেক্ষিতে সারাদেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যেই চিহ্নিত করে লিজ দেওয়া দশটি পাটকলের মধ্যে দুটি চালু হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রপ্তানি করা হবে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নতুন করে লিজ সম্ভাব্য নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। 

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি'র) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে ৩টি জুট মিল ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা সম্ভব হয়েছে। আরও তিনটি জুট মিল এর লিজ কার্যক্রম চলমান রয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই সবকটি প্রতিষ্ঠান থেকে শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে সরকার বদ্ধ পরিকর।

এসময় পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তামান্না নুসরাত বুবলী এমপি, বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান সালেহ আহম্মেদ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।