বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকল চালুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং ইতোমধ্যে কিছু পাটকল চালু করা হয়েছে, বাকিগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্প পুনরুদ্ধারে সরকার কাজ করছে। এ জন্য বিদেশে গবেষণা চালানো হয়েছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে নমুনা সংগ্রহ ও ডিএনএ পরীক্ষা করে এর প্রকৃত উৎস নির্ধারণ করা হয়েছে। ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গবেষণা কার্যক্রম, বাজার সম্প্রসারণ এবং উন্নত বীজ উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামদানী ভিলেজ প্রকল্পের মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেয়াদ বাড়ানোর চিন্তা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর ও ড্রেনেজসহ প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখানে ছয়তলা ও তিনতলা দুটি ভবন নির্মাণ করা হবে। চলতি অর্থবছরেই আগ্রহীদের কাছে মসলিন প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে তিনি জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং চরকা দিয়ে কার্পাস তুলা থেকে সুতা তৈরি ও কাপড় বোনার বিভিন্ন ধাপ পরিদর্শন করেন।

