আলাউদ্দিনের ‘আরমাদিয়া’র মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ

দেশের ই-কমার্স সেক্টর এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) সদস্যদের কাছে অত্যন্ত পরিচিত মুখ আলাউদ্দিন সোহেল। তিনি কাজ করছেন চামড়াজাত পণ্য নিয়ে, গড়ে তুলেছেন ‘আরমাদিয়া’ (ArmadeA) ব্র্যান্ড।

তার উদ্যোক্তা জীবন শুরু হয় ২০১৪ সালে। স্নাতকে অধ্যয়নকালে পরিবারের দেখাশোনা করার জন্য একসময় পড়াশোনা থেকে বিরতি নিতে হয় তাকে। ফলস্বরূপ ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। ব্যবসার পাশাপাশি কোচিং, মাছ চাষ এবং আরও কিছু উদ্যোগ গ্রহণ করেন। একাধিকবার ব্যর্থ হওয়ার পর ২০১৫ সালে ‘ওকেশপ’ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি। ই-কমার্সে বিভিন্ন পণ্য নিয়ে কাজ করতে গিয়ে চামড়াজাত পণ্য তৈরিতে আগ্রহ পান আলাউদ্দিন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে ‘আরমাদিয়া’ নামে চামড়াজাত পণ্যের ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে স্ত্রীর সহযোগিতায় মাত্র একজন কারিগর নিয়ে একটি লেদার পণ্যের কারখানা গড়ে তোলেন।

বর্তমানে তার কারখানায় ২০ জনের বেশি কারিগর ও শ্রমিক কাজ করছে। আরমাদিয়া সম্পর্কে তিনি বলেন, ‘আরমাদিয়া থেকে বর্তমানে বিভিন্ন ধরনের লেদার পণ্য উত্পাদন হচ্ছে। আমরা ব্র্যান্ডিং, বিপণন এবং রপ্তানির ওপর ফোকাস করছি। আমাদের পণ্যের মধ্যে রয়েছে নারী ও পুরুষের জন্য চামড়ার জ্যাকেট, লেদার ফুটওয়্যার, অফিসিয়াল ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মেসেঞ্জার ব্যাগ, ওয়ালেট, বেল্ট, নোটবুকের কভার ইত্যাদি। আমরা এখন পর্যন্ত স্বল্প পরিসরে ২টি দেশে আমাদের লেদার পণ্য রপ্তানি করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে রপ্তানির পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন, ‘পণ্যের গুণগত মান বাড়ানো এবং সব ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টির সর্বোচ্চ স্তর নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ২০৩০ সালের মধ্যে আমরা ১০০০ লোকের কর্মসংস্হান তৈরি করতে চাই।’