খুলনায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু

খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের রাড়িপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও যশোরের অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাঠি গ্রামের রাজিবুল ইসলাম সরদারের ছেলে তাজ বিকুর রহমান শাহাত (১৮)। নিহত দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াজ তালুকদার।

ফুলতলা হাইওয়ে পুলিশের এস আই মো. শাহ আলম বলেন, নিহত দু’জন যশোরের বাসিন্দা। তারা দুজন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মোটরসাইকেলে খুলনা-যশোর মহাসড়কের রাড়িপাড়া অতিক্রম করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত দুজনের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।