শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন। 

শনিবার (২৭ আগস্ট) ভোর রাতে তিনি কারা হেফাজতে থেকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন। 

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, জাভিদ রায়হান লাকী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৪ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাকে ২৪ অক্টোবর সামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে তাকে দু’দফায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। 

সামেক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ জানান, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শনিবার ভোররাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।