ইথিওপিয়ায় বিমান হামলায় জাতিসংঘের নিন্দা

ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের মেকেলেতে বিমান হামলায় একটি কিন্ডারগার্টেন স্কুল বিধ্বস্ত হয়েছে। এতে দুই শিশুসহ মোট চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। 

ইথিওপিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত টাইগ্রে টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১১টা ৪০  মিনিটে মেকেলেতে এই ঘটনা ঘটে। হামলার পর এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার টুইটারে ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন রাসেল এই হামলার নিন্দা জানান।

তবে কিন্ডারগার্টেন স্কুলে বিমান হামলার কথা অস্বীকার করেছে দেশটির সরকার। দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমান বাহিনী শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা আরও দাবি করে, টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) বেসামরিক নাগরিক হত্যার ঘটনাটি সাজিয়েছে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। টাইগ্রে অঞ্চলটি দীর্ঘদিন ধরে টিপিএলএফ নিয়ন্ত্রিত। প্রধানমন্ত্রী আবিই আহমেদের সরকার ও টিপিএলএফ এর মধ্যকার চারমাসব্যাপী শান্তিচুক্তি ভাঙার ব্যাপারে দুপক্ষই উভয়কে দোষারোপ করছে।