বিশ্বে নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নরেন্দ্র মোদি

বিশ্বে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্ট নামের একটি প্রতিষ্ঠানের করা জরিপ অনুযায়ী মোদির প্রতি সমর্থনের হার ৭৫ শতাংশ। টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

জরিপ অনুযায়ী বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় নেতা হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডর। তার প্রতি সমর্থন রয়েছে ৬৩ শতাংশ মানুষের। তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, যার প্রতি সমর্থন রয়েছে ৫৮ শতাংশ মানুষের। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রয়েছেন চার নম্বরে। তাকে সমর্থন করছেন ৫৪ শতাংশ। এই তালিকায় জনপ্রিয়তার ভিত্তিতে বিশ্বের ২২ জন নেতার র‍্যাংকিং করা হয়েছে। তাতে নবম অবস্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে সমর্থন করছেন ৪১ শতাংশ। বাইডেনের পরেই আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (রেটিং ৩৯ শতাংশ)।

এ বছর জানুয়ারির শুরুর দিকে এবং ২০২১ সালের নভেম্বরেও জনপ্রিয় বিশ্বনেতাদের শীর্ষে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটের ইস্যু নিয়ে কাজ করে। প্রতিদিন বিশ্বজুড়ে কমপক্ষে ২০ হাজার সাক্ষাত্কার গ্রহণ করে মর্নিং কনসাল্ট। বৈশ্বিক নেতা এবং দেশগুলোর গতি-প্রকৃতি সম্পর্কে ডাটা সংগ্রহ করে প্রতি সাত দিনে। যুক্তরাষ্ট্রে এজন্য গড় স্যাম্পল সাইজ প্রায় ৪৫ হাজার। অন্য দেশগুলোতে স্যাম্পল সাইজ ছিল ৫০০ থেকে ৫ হাজার। প্রাপ্ত বয়স্কদের থেকে অনলাইনে সাক্ষাতকার নেওয়া হয়। ভারতে যে স্যাম্পল নির্ধারণ করা হয়, তা শিক্ষিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে।