নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের গাড়ি, দোকানপাট ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাত প্রায় ৪শ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া এ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ. এন. মাহবুব উদ্দিন খোকনসহ সোনাইমুড়ি উপজেলার ৯৫ জনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) সকালে থানার এসআই শাহ আলম বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ২ আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে।
জানাগেছে, শনিবার বিকেলে ব্যারিস্টার খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল চৌরাস্তায় আসলে একই সময় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা এলাকায় চলে আসে। এ সময় পুলিশ সংঘর্ষ এড়াতে দুইপক্ষের মাঝ খানে মানববন্ধন তৈরি করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেলেও বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে ১০ আহত হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ থানায় মামলা হাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ২ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।