জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে গোলাবর্ষণের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে ইউক্রেন ও রাশিয়া। এ ঘটনায় কেন্দ্রের ইউক্রেনীয় অপারেটর তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের অপারেটর এনারগোটম জানায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝিয়া প্লান্টটি মার্চের শুরু থেকে রাশিয়ান সেনাদের দখলে রয়েছে। রাশিয়ান সেনারা শুক্রবার দিনব্যাপী একের পর এক রকেট’ হামলা চালিয়েছে।
এনারগোটম এক টেলিগ্রামে বলেন, ‘পর্যায়ক্রমিক গোলাগুলির ফলে, স্টেশনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, হাইড্রোজেন লিক হওয়ার ঝুঁকি রয়েছে এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার পাশাপাশি আগুনের উচ্চ ঝুঁকি রয়েছে।’
সংস্থাটি বলেছে শনিবার (গ্রিনিচ মান সময় ০৯০০টায়) মধ্যাহ্ন পর্যন্ত তারা প্লান্টটির ‘বিকিরণ এবং অগ্নি নিরাপত্তা মান লঙ্ঘনের ঝুঁকি নিয়ে কাজ করেছে।’
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, ইউক্রেনীয় বাহিনী ডিনিপ্রো নদীর ওপারের মার্গানেট শহর থেকে ‘পরমাণু কেন্দ্রের এলাকায় তিনবার গোলা বর্ষণ করেছে’।
প্লান্টে লিক হওয়ার আশঙ্কা থেকে বিকিরণ ঝুঁকি কমাতে মঙ্গলবার পাওয়ার প্লান্ট থেকে ৪৫ কিলোমিটার (২৯ মাইল) উত্তর-পূর্বে খোর্টিটস্কি জেলার বাসিন্দাদের আয়োডিন পিল দেওয়া হয়।