দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় প্রতিষ্ঠিত কাঁচাবাজারগুলোতে শৃঙ্খলা ফেরাতে প্রবিধান প্রণয়ন করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে প্রবিধানটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এটি চূড়ান্ত করা হবে। গতকাল মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ঢাকা সাউথ সিটি ওয়ার্কিং গ্রুপ অন ফুড সিস্টেম’-এর ১১তম বৈঠকে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, ‘প্রবিধানের অভাবে এতদিন ঢাকা শহরের অধিকাংশ কাঁচাবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা কষ্টসাধ্য ছিল। তথ্যমতে, ঢাকা শহরে কাঁচাবাজারের সংখ্যা চার শতাধিক। কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকা বাজারের সংখ্যা খুবই কম। এটা ৫০-এরও নিচে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী এটা সিটি করপোরেশনের দায়িত্ব। প্রবিধান চূড়ান্ত হলে এই কার্যক্রম সহজতর হবে।’
করপোরেশন কেবল এককভাবে নয়, সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় বাজারে শৃঙ্খলা ফেরানো সম্ভব উল্লেখ করে ফরিদ আহাম্মদ বলেন, ‘বাজার তদারকি ও নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের একটি স্থায়ী কমিটি রয়েছে। কিন্তু এককভাবে এই কমিটি তা পারবে না। আমরা আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমাদের স্থায়ী কমিটির পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমাদের স্যানিটারি পরিদর্শক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থা এবং এ খাত সংশ্লিষ্ট এনজিওগুলোর সমন্বয়ে বাজার নিয়ন্ত্রণ ও তদারকি করা হবে। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। আশা করি সবাই মিলে ঢাকার কাঁচাবাজারগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে।’
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার জন্য ‘ঢাকা ফুড সিস্টেম ২০৪১’ শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। শহরের বাসিন্দাদের জন্য ২০৪১ সালে সাশ্রয়ী মূল্যে, উন্নতমানের খাবার সরবরাহের ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পটি নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের প্রযুক্তিগত সহায়তায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি প্রমাণভিত্তিক এবং সহযোগিতামূলক পদ্ধতিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করছে। এটি জাতিসংঘের খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে সহায়তা করবে বলে জানায় ডিএসসিসি। ঢাকা ফুড সিস্টেম (ডিএফএস) প্রকল্পের সিটি কো-অর্ডিনেটর শরিফা পারভীনের সঞ্চালনায় বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জেভিয়ার বুন, করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর জয়নাল আবেদিন, করপোরেশনের বাজার মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।