বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত তারকা অভিনেতা আমির খান। কিন্তু গত কয়েক বছর ধরে এই খ্যাতির সুবিচার করতে পারছেন না তিনি। এর সবচেয়ে বড় উদাহরণ সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বক্স অফিসে ভরাডুবি। ১৮০ কোটি টাকা খরচ করে নির্মিত ছবিটি ২০ দিনে ৬০ কোটি টাকাও তুলতে পারেনি।
ওটিটি প্লাটফরমেও বড় কোনো আশা জাগানিয়ে খবর নেই। কারণ, কোনো স্ট্রিমিং কোম্পানিই খুব বেশি টাকা দিয়ে ছবির স্বত্ত্ব কিনতে চায়নি। তবে গুঞ্জন রয়েছে নেটফ্লিক্সে সিনেমাটি স্ট্রিম করা হবে।
তবে তার চেয়ে বড় খবর সিনেমার এ ব্যর্থতায় দায় নিজের ঘাড়ে নিয়ে প্রযোজকের পাশে দাঁড়াতে চাইছেন আমির খান। আর তাই সিনেমার জন্য নেওয়া নিজের পারিশ্রমিক ফেরত দিতে চাইছেন তিনি।
একটি ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রযোজকদের এত টাকা ক্ষতির কথায় মাথায় রেখে নিজের পারিশ্রমিক ফিরিয়ে দিতে চাচ্ছেন আমির খান। এতে প্রযোজকদের ক্ষতির পরিমাণ কিছুটা কমবে।