গোপন সংকেতের ব্যাখ্যা দিলেন লঙ্কান কোচ

এশিয়া কাপের বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে গোপন সংকেত পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারড। বাংলাদেশ যখন ব্যাট করছিলো এমন সময় পাঠানো হয় গোপন সংকেত। যখন গোপন সংকেত পাঠান তখন কোচের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কা দলের অ্যানালিস্টও।

ভিডিও ক্যামেরায় দেখা যায়, বোর্ডে সাদা কাগজে বড় করে '২-ডি' এবং '৫-ডি' প্রিন্ট করে ছাপিয়ে সেটা মাঠের দিকে তাক করে রাখেন। কেবলমাত্র শ্রীলঙ্কা দলই বলতে পারবে এই সংকেতের অর্থ। তবে অধিনায়ক দাসুন শানাক মাঠে থাকার পরেও কেনো বাহিরে থেকে সংকেত পাঠানো হলো এবং তা বিধিসম্মত কিনা এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

তবে বিতর্ক ছড়িয়ে পড়ার আগেই তার ব্যাখ্যা দিয়েছেন লঙ্কান কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, এটা জটিল কোনো বিষয় নয়। ব্যাটার স্ট্রাইকে থাকতে সেই মুহূর্তে ঠিক কি করলে ভালো হয়, সেইসব বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখন অনেক দলই এইসব করে থাকে। এটা শুধু ক্যাপ্টেনকে জানানো যে, এই কাজটা করা যায়। কীভাবে করতে হবে সেটা ক্যাপ্টেনকে বলা হচ্ছে না। দলের পক্ষে শুধু কিছু পরামর্শ, এই যা।
 
এর আগেও মাঠে গোপন সংকেত পাঠাতে দেখা গেছে সিলভারউডকে। ইংল্যান্ড দলের কোচ থাকাকালীন সময়ে সীমিত ওভারের ক্রিকেটে প্রায়ই গোপন সংকেত পাঠাতেন তিনি।