হানিফ ফ্লাইওভারের নিচের সেই সড়ক মেরামত করলো ডিএসসিসি

গত ২৭ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘ফ্লাইওভার বাণিজ্যের প্যাঁচে সড়ক সংস্কারে অনীহা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়লো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের সেই ভাঙাচোরা সড়ক দখলমুক্ত করে মেরামত করা হয়েছে। 

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। শেখ রাসেল পার্কের সামনের সড়কে যে বড় বড় গর্ত ছিল সেগুলোও ঠিক করা হয়েছে। যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে সড়কে যে ফলের দোকানসহ বিভিন্ন দোকান ছিল সেগুলোও উচ্ছেদ করা হয়েছে।  

মেরামতের পর রাস্তা। ছবি: ইত্তেফাক

স্থানীয়রা বলছেন, সড়ক মেরামত করার কারণে যানজট কমেছে। সড়কের মধ্যে বিশাল বিশাল যে গর্তের কারণে গাড়ি উল্টে যাওয়ার ভয় ছিল, সেটিও দূর হয়েছে। সড়কের পাশে যে ইটের খোয়া ফেলে রাখা হয়েছিলো সেটি এখন নেই। এতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করছে ফ্লাইওভারের নিচ দিয়ে। ফ্লাইওভারের নিচের সড়ক এমন মেরামত করায় খুশি এ সড়কে যাতায়াতকারীরা। তারা জানান, বছরের পর বছর এ সড়কে এমন বেহাল থাকার পর মেরামতে ব্যাপক স্বস্তিতে আমরা চলাচল করছি।  

রাস্তার পূর্বের অবস্থা।

এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট ফিরোজ সরদার বলেন, ‘সড়ক মেরামত করায় যানজটের মাত্রাও কমেছে। সংবাদ প্রকাশের পর তড়িৎ কাজ হওয়ায় সড়কে বেশ স্বাচ্ছন্দ্য ফিরেছে।