এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হয়ে প্রথম ইনিংসে নিজেদের কাজতা ঠিকঠাকই সেরেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৯৩ রান।
নিজেদের প্রথম ম্যাচে দুই দলই ভারতের কাছে হেরে যাওয়ায় আজ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে পাকিস্তান আর হংকং। আজ যেই দল জিতবে সে চলে যাবে সুপার ফোরে, আর হারলে শেষ হবে এশিয়া কাপের যাত্রা। দুই দলের ভাগ্যই আজ যেন ঝুলে রয়েছে সুতোর ওপর।
পরিসংখ্যান আর ক্রিকেটীয় শক্তিমত্তায় পাকিস্তান আজকের ম্যাচের পরিষ্কার ফেভারিট। তবে দলটা পাকিস্তান বলেই ভয় ছিলো পচা শামুকে পা কাঁটার। তার ওপর হংকংয়ের সাম্প্রতিক ফর্মও অঘটন ঘটাতে পারে বলেই আভাস দিচ্ছিলো। এমনকি পাকিস্তানের ইনিংসের শুরুতেও মিলেছিলো সেইরকম কিছুর ইঙ্গিতই। মাত্র ১৩ রানের মাথাতেই পাক অধিনায়ক বাবর আজম আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এহসান খানের বলে তার হাতেই ক্যাচ দেয়ার আগে ৮ বল খেলে বাবর করেন মাত্র ৯ রান।
দ্রুত প্রথম উইকেট পড়ার পর কিছুটা সাবধানী হয়ে খেলতে থাকেন আরেক অপেনার মোহাম্মদ রিজওয়ান আর তিন নাম্বারে নামা ফখর জামান। এই দুজন সাবধানী হতে গিয়ে এতোটাই ধীর গতিতে খেলা শুরু করেন যে ১০ অভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে সংগ্রহ দাঁড়ায় মাত্র ৬৪ রান। তবে এরপর থেকেই যেন হঠাত করে ব্যাটিংয়ের গিয়ার শিফট করেন দুইজনই। প্রথমে হাত খোলেন রিজওয়ান। ৪২ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন রিজওয়ান। ১০ অভারে ৬৪ থেকে চার অভার না যেতেই পাকিস্তানের রান গিয়ে দাঁড়ায় ১০০ তে।
সঙ্গীকে দেখেই কিনা খোলস থেকে বেরিয়ে আসেন ফখর জামানও। মাত্র ৩৮ বলে ৩ চার আর ২ ছয়ে তুলে নেন নিজের অর্ধশত। দুজন মিলে শতরানের জুটি গড়েন মাত্র ৭৩ বলে। তবে দলীয় ১২৯ রানে উইকেট দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ফিফটি পূর্ণ করার পর আর বেশিদূর এগোতে পারেননি ফখর। ৪১ বলে ৫৩ রান করে এহসান খানের বলে আইজাজ খানের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
ফখর আউট হলেও অন্যপ্রান্তে রিজওয়ান ঠিকই দলের সংগ্রহকে আর বড় করার চেষ্টায় সঙ্গী হিসেবে পান খুশদিল শাহকে। ফখর জামান যেখান থেকে রেখে গিয়েছিলেন, খুশদিল যেন সেখান থেকেই শুরু করলেন। ১৫ বলে ৫ ছয়ে খুশদিলের শেষের ক্যামিওতে পাকিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ১৯৩ রান। খুশদিল শেষের ওভারেই মারেন ৪টি ছয়। রিজওয়ান ৫৭ বলে ৬ চার আর ১ ছয়ে ৭৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। এই দুজন মিলে মাত্র ২১ বলেই অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে দলের সংগ্রহ নিয়ে যান দুইশ এর কাছাকাছি।
ব্যাটসম্যানরা তাদের কাজটা ঠিকঠাকই করে দিয়ে গেছে। পাক বোলাররা নিজেদের কাজটা করতে পারলেই এশিয়া কাপের সুপার ফোরে দেখা যাবে পাকিস্তানকেই।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
পাকিস্তান: ২০ ওভারে ১৯৩/২(রিজওয়ান ৭৮*, ফখর জামান ৫৩, খুশদিল ৩৫*; এহসান খান ৪-০-২৮-২)