আবারো এশিয়া কাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ও কথার লড়াই। সেই কথার লড়াই ছড়িয়ে পরে সমর্থক থেকে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে। ভারত-পাকিস্তান ম্যাচের আগে ভারতের প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বজনপ্রীতি নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মাদ হাফিজ।
পিটিভি স্পোর্টস এর এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘‘ক্রিকেট খেলার জন্য নয়, বিসিসিআইয়ের টাকার জন্যই আইসিসি ভারতকে ভালবাসে। আমাদের সমাজে যার টাকা বেশি থাকে তাকেই সবাই বেশি ভালোবাসে। সেই বাড়ির পছন্দের ছেলে হয়। তার গালেই সবাই বেশি চুমু খায়। ভারতের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ভারত তো আইসিসির কোলের সন্তান।’’
ভারতের ক্রিকেট মার্কেটের স্বীকৃতি দিয়ে তিনি আরও বলেন, ভারত ক্রিকেটে সবচেয়ে বেশি আয় করে। বিশ্বের যেখানেই ওরা দ্বিপক্ষীয় সিরিজ খেলুক না কেনো, স্পন্সর পেতে ওদের সমস্যা হয় না। এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। আইসিসিও সেটা জানে। তাই ভারতকে কিছু বলতে পারে না।
এদিকে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।