আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের 'মিস্টার ডিপেন্ডেবল' খ্যাত উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। রবিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মুশফিকের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ক্রিকেটপ্রেমীদের মাঝে। মুশফিকের অবসরের ঘোষণা জানার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ দলের আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শোনাটা ছিল হৃদয়বিদারক। কিন্ত আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার ও অর্জন তুমি দারুণ করেছ। তোমার সঙ্গে আন্তর্জাতিক টি-২০ খেলা ছিল আনন্দের। তোমার কাজের ধরন যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণা হয়ে থাকবে। এছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, মাঠের ভেতর ও বাহিরে আপনি সবসময় আমাদের অনুপ্রেরনা। অনাগত দিনগুলোর জন্য শুভকামনা। তরুণ ব্যাটার আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, আশা করি আপনার ভবিষ্যৎ যাত্রা আরও বেশি সফল হবে মুশফিকুর ভাই। আর পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ধন্যবাদ টি-২০ এর লিজেন্ড মুশফিকুর রহিম।
সম্প্রতি সময়ে টি-২০ তে বাজে সময় পার করছিলেন মুশফিকুর রহিম। সেই ধারবাহিকতায় এবারের এশিয়া কাপেও ছিলেন ব্যর্থ। আফগানিস্তানের বিপক্ষে ৪ বলে ১ ও শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৫ বলে ৪ রান। টি-২০ থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টেস্ট ও একদিনের ক্রিকেট।