নবাবগঞ্জে নদীতে থেকে লাশ উদ্ধার: পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে থানা পুলিশ বুধবার সকালে নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ বালুয়াপাড়া নামক স্থানে শাখা করতোয়া নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার জানান, বুধবার সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে লাশটি পানিতে ভাসতে দেখে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: শাশুড়িকে খুন করা সেই সিআইডি কনস্টেবল আটক

অপরদিকে, নবাবগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে সুরভী আক্তার (৮) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে।

সে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রাঘবেন্দ্রপুর (চবগোপাল) গ্রামের আতিয়ার রহমানের মেয়ে এবং নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর খিয়ারপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের নাতনী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে ওই শিশু নানা বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে মারা যায়।

ইত্তেফাক/অনি