আগস্টের সেরার দৌঁড়ে স্টোকস-রাজা-স্যান্টনার

আগস্ট মাসের পারফরমেন্সের ভিত্তিতে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। আন্তর্জাতিক অঙ্গনে তিনজনই অলরাউন্ডার।

গেল মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে লর্ডসে প্রথম ম্যাচে  ইনিংস ও ১২ রানে হারে ইংলিশরা। তবে  ম্যাচে ব্যাট হাতে ৪০ রান ও ৩ উইকেট নেন স্টোকস। ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে স্টোকসের অলরাউন্ড নৈপুন্যে সিরিজের সমতা আনে ইংল্যান্ড। ব্যাট হাতে ১০৩ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেন স্টোকস। ম্যাচটি ইনিংস ও ৮৫ রানে জিতে ইংল্যান্ড। এমন পারফরমেন্সের সুবাদে আইসিসি আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন স্টোকস।

ক্যারিয়ারে অসাধারণ ফর্মে আছেন  জিম্বাবুয়ে অলরাউন্ডার  রাজা। গত মাসটি রাজার জন্য ক্যারিয়ার সেরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজর দু’টিতেই সেঞ্চুরি করেন তিনি। প্রথম ম্যাচে অপরাজিত ১৩৫ ও দ্বিতীয়টিতে অনবদ্য ১১৭ রান করেন রাজা। তৃতীয় ম্যাচে শূন্য হাতে ফিরেন তিনি। আর বল হাতে তিন ম্যাচে ৫ উইকেট নেন রাজা। তার এমন পারফরমেন্সে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে জিম্বাবুয়ে। নয় বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক রাজা।

বাংলাদেশের পর  ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন  ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১৫ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ভারতের বিপক্ষে মাত্র ১ উইকেট নিতে পারেন রাজা। তবে ঐ মাসে তিনটি সেঞ্চুরি হাকিয়ে   সেরা দৌঁড়ে মনোনয়ন পান  রাজা।

গত মাসে ৩টি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলে নিউজিল্যান্ড। এরমধ্যে ৬টিতেই জিতেছে  কিউইরা। দলের ম্যাচ জয়ে বড় ভূমিকা ছিলো স্যান্টনারের। ব্যাট হাতে ৬ ইনিংসে ১৫২ রান ও বল হাতে ১১ উইকেট নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন নম্বরে নেমে ব্যাট হাতে ৪২ বলে অপরাজিত ৭৭ রানের স্বীকৃতি হিসেবে  সেরার তালিকায় জায়গা পান স্যান্টনার।

এদিকে মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা ও ভারতের জেমিনা রদ্রিগেজের।

২০২১ সালের জানুয়ারি থেকে মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করেছে আইসিসি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয়  মাসের পুরুষ ও নারীদের সেরা দুই ক্রিকেটারকে।