দ্বিতীয় মেয়াদে আইসিসির সভাপতি হলেন জয় শাহ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩

বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির বোর্ড সভায় সংস্থাটির পরিচালকদের প্রস্তাবের পর তার পুনর্নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।

এই সিদ্ধান্ত জয় শাহর নেতৃত্বের প্রতি আইসিসির আস্থার প্রতিফলন ঘটেছে। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, দর্শকপ্রিয়তা বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্তকে ধারাবাহিকতা বজায় রাখার অংশ হিসেবে দেখছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। পরিচালকদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্রিকেটের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’

India's Jay Shah becomes youngest-ever ICC chairman at 36 | The Business  Standard

জয় শাহর মতে, শুধু সফল টুর্নামেন্ট আয়োজন করাই আইসিসির দায়িত্ব নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদারসহ সংশ্লিষ্ট সবার কথা মাথায় রেখে ক্রিকেটের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে এক সুতোয় বাঁধার ক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যার সুফল আগামী প্রজন্মও পাবে।’

ইত্তেফাক/জেডএইচ