সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে বেহাল হাট

সিরাজগঞ্জে এবারের টানা বর্ষণে গ্রামীণ হাটগুলো বেহাল হয়ে পড়েছে। হাটগুলোর অধিকাংশই সপ্তাহে দুই দিন করে বসে। স্থানীয় ক্রেতা ছাড়াও দেশে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে গবাদি পশু কিনে নিয়ে যান। সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া হাটে গিয়ে বেহাল পরিস্থিতি দেখা যায়। 

জেলার শাহজাদপুর থেকে আসা পাইকার আব্দুল কাদের, কামারখন্দ থেকে আসা আব্দুল হাই, ঢাকা থেকে আসা আবুল হোসেন ও সুরমান আলী জানান, হাটে কাদার জন্য প্রবেশ করাই কঠিন। বৃষ্টিতে হাটের মধ্যে হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে।  

এখানে গরু বিক্রি করতে আসা শফিকুল ইসলাম, আবু সাইদ, সুজাব আলীসহ অন্যরা জানান, বৃষ্টির কারণে হাটে পানি জমে থাকে। এতে গ্রাহক আসতে চান না। কিছুটা কম দামেই গরু বেচতে হচ্ছে। অনেকেই গরুর দাম না হওয়ায় ফেরত নিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে জানা যায়। 

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া হাটের ইজারাদার আক্তার হোসেন মণ্ডল জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সমস্যা সমাধানে বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি জানান, প্রতি বছরই হাটবাজারে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে উন্নয়নের কাজ করা হয়ে থাকে।