রায়গঞ্জে বৃষ্টির পর সবুজ হয়ে উঠছে আমনখেত 

রায়গঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টি হচ্ছে। প্রায় সপ্তাহ জুড়েই হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতে কয়েক দিনেই গাঢ় সবুজের সমারোহে ভরে গেছে উপজেলার আমন ধানের খেত। যত দূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ। 

উপজেলার ধামাইনগর ইউনিয়নের বিনোদবাড়ি গ্রামের কৃষক মণিলাল মাহাতো বলেন, বৃষ্টি না হওয়ায় রোপণ করা ধানের চারা খরায় হলদে হয়ে গিয়েছিল। জমির মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। জমিতে পানি না থাকায় সারের উপরি প্রয়োগও করা যায়নি। অনেকে বাধ্য হয়ে জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই গত ছয়/সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন খেতে সার দেওয়া হচ্ছে। বৃষ্টির পানি পেয়ে গাঢ় সবুজ হয়ে উঠেছে ধানখেত। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম বলেন, এ সপ্তাহে মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে পর্যাপ্ত নাইট্রোজেন থাকে যা এখন সদ্য রোপিত ধানের চারার জন্য খুবই প্রয়োজন। এ কারণে বৃষ্টিপাতের এক সপ্তাহের মধ্যে আমন ধান যথেষ্ট পরিণত হয়েছে। ইতিমধ্যে উপজেলায় শতভাগ রোপা আমন রোপণ কাজ সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়গঞ্জে মোট ১৯ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। কোনো ধরনের রোগবালাই না হলে এবার রোপা আমনের ভালো ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।