এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান। আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে পাকিস্তান। এমন সুবিধাজনক অবস্থানে থেকেই টস জিতে আফগানদের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
অন্যদিকে ফাইনালে চোখ রাখা পাকিস্তানের সামনে মাঠে নামা আফগানিস্তানের আজ জিততেই হবে ফাইনালে খেলার আসা বাঁচিয়ে রাখতে হলে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮ টায় মাঠে নামবে দুই দল।
এবারের এশিয়া কাপে দারুণ সূচনা করে আফগানিস্তান। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ওঠে সুপার ফোরে।
তবে, সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৪ উইকেটে হেরে যায় তারা। কিন্তু যেকোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে আফগানিস্তানের। বোলিংয়ে যে আফগানরা বিশ্বমানের তা আর নতুন করে বলার কিছু নেই।
স্পিনে রশিদ, মুজিব ও কাপ্তান নবী ধশিয়ে দিতে পারেন যেকোনো দেশের ব্যাটিং লাইনআপকে। এছাড়াও পেস বোলিংয়ে ফজলহক ফারুকী ও নাভিন উল হক যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাটিংয়েও দলের হয়ে নাজিবুল্লাহ জাদরান, রাহমানুল্লাহ গুরাবাজ এবং ইব্রাহিম জাদরান রয়েছেন সেরা ছন্দে। তাই ব্যাটিং বোলিংয়ে পাকিস্তানকে ছুড়ে দিতে পারেন শক্ত চ্যালেঞ্জ।
পাকিস্তান তাদের এশিয়া কাপের মিশন শুরু করে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে হার দিয়ে। হংকংয়ের বিপক্ষে জয় পেয়ে পা দেয় সুপার ফোরে। সুপার ফোরের শুরুতে আবারো দেখা হয় ভারতে সঙ্গে। তবে এবার ঠিকই জয়ের দেখা পায় পাকিস্তান। টান টান উত্তেজনাপুর্ন ম্যাচে ১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় তারা।
পাকিস্তানের রিজওয়ান রয়েছেন নিজের সেরা ছন্দে। তিন ম্যাচে করেছেন ১৯২ রান। এছাড়াও পাক অলরাউন্ডার মোহাম্মাদ নাওয়াজ প্রতিটি ম্যাচে ব্যাট ও বল হাতে রাখছেন অবদান।
ভারতের বিপক্ষে তার ২০ বলে ৪৪ রানের ইনিংস পকিস্তানেকে জয়ের ভীত গড়ে দেয়। অন্যদিকে তরুণ পেসার নাসিম শাহ ও স্পিনার শাদাব খানও রয়েছেন নিজেদের সেরা ছন্দে। তাই ম্যাচটি যে একপেশে হবে না তা বলাই যায়। তবে ম্যাচের শেষ হাসিটা কে হাসে সেটাই এখন দেখার অপেক্ষা।
ফাইনালে চোখ রাখগা পাকিস্তান আজকের ম্যাচে মাঠে নেমেছে আগের ম্যাচে ভারতকে হারানো অপরিবর্তিত একাদশ নিয়েই। চোটের শঙ্কা কাটিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান একাদশেই আছেন।
আর আফগানদের হয়ে গত ম্যাচে খেলা সামিউল্লাহ শেনওয়ারির জায়গায় আজ দলে ফিরেছেন আজমতউল্লাহ ওমারজাই।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, কারিম জানাত, রাশিদ খান, আজমতউল্লাহ ওমারজাই, মুজিবুর রহমান, ফারিদ আহমেদ, ফজলহক ফারুকি।