রায়েরবাজার কবরস্থানের জঙ্গলে মিললো নারীর হাতকাটা লাশ

রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার কবরস্থানের ভেতরে জঙ্গল থেকে ডান হাতকাটা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে উদ্ধার হওয়া লাশটি অর্ধনগ্ন অবস্থায় থাকায়, পুলিশের ধারণা ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

লাশে পঁচন ধরায় কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। ডান হাত না থাকার বিষয়ে পুলিশ বলছে, জন্মগত বিকলঙ্গতার কারণে হাত নেই বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, রায়েরবাজার বধ্যভূমির পেছনে রায়েরবাজার কবরস্থানের বেশ কিছু জায়গায় জঙ্গলের সৃষ্টি হয়েছে। সকাল ১১টার দিকে ফোন পেয়ে পুলিশ করবস্থানের ভেতর জঙ্গল থেকে ডান হাতকাটা এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যাবে। লাশটি অর্ধনগ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। আমরা তার পরিচয় শনাক্ত করে পুরো ঘটনা জানার চেষ্টা করছি।