পাবিপ্রবিতে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আবৃত্তি সংগঠন কণ্ঠস্বর আবৃত্তি দলের আয়োজনে 'অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতা-৪র্থ আবর্ত' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির সমাপনী পর্ব সম্পন্ন হয়। 

প্রতিযোগিতা উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাজমুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর নবী সুমন, সংগঠনটির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম আবির, বর্তমান সভাপতি তারেক হাসান, সাধারণ সম্পাদক প্রতিভা কুণ্ডু।

অনুষ্ঠানে ড. নাজমুল ইসলাম বলেন, শুরুতে কণ্ঠস্বর আবৃত্তি দল যেমন সংগঠন ছিল এখন আর সেরকম নাই, এর বিস্তৃতি এখন অনেক বেশি। আবৃত্তি আঙিনার অনেক মানুষই এখন কণ্ঠস্বরকে চিনে। সামনে কণ্ঠস্বরকে আরও ভালো কাজ করতে হবে যেন সারা দেশে সংগঠনটি ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ে কণ্ঠস্বর  আবৃত্তি চর্চার যে ধারা তৈরি করেছে সেটি সত্যিই প্রশংসনীয়।  

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর নবী সুমন বলেন, প্রতি বছরই নবীন শিক্ষার্থীদের নিয়ে অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা। এই বছর যারা অংশগ্রহণ করেছে তাদের জন্য শুভ কামনা। আমরা শুরু থেকেই কণ্ঠস্বরের সাথে ছিলাম, আগামী দিনেও থাকবো। কণ্ঠস্বর আরও বহুদূর পথ পাড়ি দিবে সেই কামনা থাকবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) ৪২ জন প্রতিযোগী নিয়ে  প্রতিযোগিতাটির প্রথম পর্ব শুরু হয়। সেখান থেকে সেরা ১০ জনকে বাছাই করে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

চূড়ান্ত পর্ব থেকে প্রথম হন বাংলা বিভাগের তাসমিয়া তাসনিম জীম, দ্বিতীয় হন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সৈয়দা রামিসা ইসলাম, তৃতীয় হন স্থাপত্য বিভাগের মনিরা ফেরদৌসী।