রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে বইছে শোকের বন্যা। তবে রানির শেষকৃত্য এখনেই অনুষ্ঠিত হচ্ছে না। রানির মৃত্যুতে গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে শোক শুরু হয়েছে যা আগামী ১০ দিন ধরে চলবে। তাই ধারণা করা হচ্ছে, রানির শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর হতে পারে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন হতে পারে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রানির শেষকৃত্যে বিভিন্ন দেশের নেতারা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে শেষকৃত্যে অংশ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
জো বাইডেন বলেছেন, ‘রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে আমি যাচ্ছি।’
ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে সবচেয়ে দীর্ঘ সময় ধরে আসীন ও বিশ্বের প্রবীণতম রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯৬ বছর।