ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। বিচক্ষণতার সঙ্গে রাজ্যপট সামলানোর পাশাপাশি রানি ছিলেন ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এদিকে, রানির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এ সপ্তাহে স্থগিত করা হয়েছে প্রিমিয়ার লিগের সব খেলা।
নতুন করে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, শুধু চলতি সপ্তাহ নয়, প্রিমিয়ার লিগের সেপ্টেম্বর মাসের সব ম্যাচই স্থগিত হয়ে যেতে পারে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুকে কেন্দ্র করে এই সপ্তাহের প্রিমিয়ার লিগের সব ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ‘জাতির জন্য তার (রানি দ্বিতীয় এলিজাবেথ) অসাধারণ জীবন আর অবদানের জন্য তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে প্রিমিয়ার লিগের এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।’
শুধু প্রিমিয়ার লিগই নয়, জাতীয় লিগসহ অন্য লিগগুলোও বন্ধ হয়ে গেছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে। এদিকে, ফুটবল বাদে অন্য সব খেলা অবশ্য এক দিনের বিরতি দিয়েই আবার মাঠে ফিরেছে। ব্যতিক্রম শুধু ফুটবল, আগেই ঘোষিত এক সপ্তাহের স্থগিতাদেশের মেয়াদ বেড়ে সেপ্টেম্বরজুড়ে ইংলিশ ফুটবলের সব ম্যাচই বন্ধ হওয়ার শঙ্কায়।
দ্য টেলিগ্রাফের বেন রামসবি জানিয়েছেন, আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বরের প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। কারণ হিসেবে দেখানো হয়েছে রানির শেষকৃত্য অনুষ্ঠান আর পর্যাপ্ত নিরাপত্তা। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রানির শেষকৃত্য। লন্ডনে বাড়তি পুলিশ মোতায়েন করা হবে এই অনুষ্ঠানের জন্য।
এদিকে, প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী ওই দিনই লন্ডনে দুইটি ম্যাচ রয়েছে। লন্ডন ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা আর্সেনাল আর ব্রেন্টফোর্ডের আর স্ট্যামফোর্ড ব্রিজের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার কথা চেলসি-লিভারপুলের। ওই সপ্তাহের শেষে গিয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিডসের আরও একটি বড় ম্যাচ। এসব ম্যাচের জন্যই অতিরিক্ত নিরাপত্তা দরকার পড়ে সবসময়, যার জন্য পুলিশের বড় একটি অংশকেই দেখা যায় স্টেডিয়ামের আশেপাশে নিরাপত্তার দায়িত্ব পালনে।
রানির শেষকৃত্য অনুষ্ঠানের নিরাপত্তায় লন্ডন পুলিশের বেশিরভাগ সদস্য নিয়োজিত থাকায় আগামী সপ্তাহের বড় ম্যাচগুলোর জন্য পর্যাপ্ত পুলিশ সদস্যকে পাওয়া যাবে না বলেই ধারণা করছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এজন্য আগামী সপ্তাহের ম্যাচগুলোও স্থগিত করার কথাই ভাবছে তারা।
আগামী সপ্তাহের ম্যাচগুলোও স্থগিত হওয়া মানেই সেপ্টেম্বর মাসেই প্রিমিয়ার লিগের আর কোনো ম্যাচ মাঠে গড়াবে না। কারণ এই মাসের শেষ সপ্তাহে রয়েছে আন্তর্জাতিক বিরতি।