পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান বলেছেন, পাকিস্তানের লক্ষ্য বিশ্বসেরা হওয়া। এশিয়া কাপের ফাইনালের আগে শনিবার (১০ সেপ্টেম্বর) খালিজ টাইমসকে তিনি এই মন্তব্য করেন।
এশিয়া কাপের সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও আফগানিস্তানের বিপক্ষে টানা জয়ে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
ভারতের বিপক্ষে দলের পারফরম্যান্স সম্পর্কে রিজওয়ান বলেন, আমি জানতাম ম্যাচ আমাদের হাতেই আছে। আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু হার্ডিকের (হার্ডিক পান্ডিয়া) স্লোয়ারে আউট হয়ে যাই। কিন্তু আমার বিশ্বাস ছিল আসিফ, খুশদিল, ইফতেখার ও শাদাবের ওপর। তাই ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল। ম্যাচটা শেষ করতে পারলে ভালো হতো কিন্তু এগুলো খেলার অংশ।
তিনি আরও বলেন, এক বছরের কম সময়ের মধ্যে এটি ভারতের বিপক্ষে আমাদের দ্বিতীয় জয়। আমরা ধীরে ধীরে আমদের লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি। বিশ্বসেরা হওয়ায় আমাদের লক্ষ্য। সব খেলোয়াড় একজন ভালো অধিনায়কের অধীনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাসই আমাদের শক্তি।
এশিয়া কাপের ফাইনালে আজ (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান।