১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ

রানির ৭০ বছরের শাসনামলকে স্মরণ করার জন্য জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ‘ইবে’তে তালিকাভুক্ত করা হয়েছে রানির ব্যবহৃত টি-ব্যাগ। ১৯৯৮ সালে উইন্ডসর ক্যাসেল থেকে ওই টি-ব্যাগটি পাচার হয়েছিল বলে দাবি করেছেন বিক্রেতা। যার দাম হাঁকা হয়েছে ১২ হাজার মার্কিন ডলার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডেকাটার এলাকার ওই বিক্রেতা টি-ব্যাগটিকে ‘অত্যন্ত বিরল’ বলে উল্লেখ করেছেন।

বিক্রেতা টি-ব্যাগের বর্ণনায় লিখেছেন, ‘এটি সেই টি-ব্যাগ, যা আপনারা হয়তো ১৯৯৮ সালের শেষের দিকে সিএনএনে দেখেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ব্যবহার করেছিলেন। নব্বইয়ের দশকে পোকামাকড় নির্মূলের কাজে নিয়োজিত এক ব্যক্তি উইন্ডসর ক্যাসেল থেকে এটি লুকিয়ে বাইরে নিয়ে এসেছিলেন। লন্ডনে তেলাপোকার উপদ্রব মোকাবিলায় মহামান্য রানিকে সহযোগিতা করতে ওই ব্যক্তিকে ডাকা হয়েছিল। ’

রানি দ্বিতীয় এলিজাবেথ

এখানেই ঘটনার শেষ নয়। ইনস্টিটিউট অব এক্সিলেন্স ইন সার্টিফিকেটস অব অথেনটিসিটি (আইইসিএ) থেকে দেওয়া একটি সনদের ছবিও প্রকাশ করা হয়েছে। সনদটির মাধ্যমে সত্যতা নিশ্চিত হয় যে টি-ব্যাগটি রানির ব্যবহৃত।

আইইসিএ থেকে দেওয়া একটি সনদ, যার মাধ্যমে সত্যতা নিশ্চিত হয় যে টি-ব্যাগটি রানির ব্যবহৃত। ওই সনদে লেখা আছে, নিঃসন্দেহে ওপরের কথাগুলো সম্পূর্ণ সত্য: এটি একটি টি-ব্যাগ, যা এক খণ্ড ইতিহাস ধারণ করছে! অমূল্য!

রানি দ্বিতীয় এলিজাবেথ

টি-ব্যাগই ছাড়াও ইবেতে আরো অনেক মজার জিনিসের তালিকা দেখা গেছে। এক বিক্রেতা মোমের তৈরি রানির একটি মূর্তিকে বিক্রির জন্য উঠিয়েছেন। যার দাম চাওয়া হয়েছে ১৫ হাজার ৯০০ ডলার। মূর্তিটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি লিখেছেন, এর চুলগুলো সত্যিকারের মানুষের চুল, চোখের মণি এবং দাঁতগুলো রেসিন দিয়ে তৈরি।

এ ছাড়া রানির বার্বি ডলেরও প্রচুর চাহিদা রয়েছে। একেকটি বার্বি ডলের দাম ধরা হয়েছে এক হাজার ৩০০ মার্কিন ডলার। অন্যদিকে রানির হাতে স্বাক্ষরিত একটি অটোগ্রাফও ১১ হাজার ২৪৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।