কারো কাছে কোনো কাজের আগে বেশি আশা করা যাবে না, কোন কাজের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেটি নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ যেন এমনই একটা শিক্ষা পেয়ে গেছে এশিয়ার ক্রিকেটপ্রেমীরা।
এশিয়া কাপের আগে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিলো ভারত-পাকিস্তানকে নিয়ে। অথচ ভারত তো বাদ পড়লো সুপার ফোর থেকেই, এদিকে ফাইনালে উঠেও ব্যর্থ পাকিস্তান। অথচ যেই শ্রীলঙ্কাকে কেউ গোণায়ই ধরেনি টুর্নামেন্ট শুরু আগে, তারাই কিনা এশিয়া কাপ চ্যাম্পিয়ন। ব্যাপারটি নিয়ে বেশ হতাশাতেই রয়েছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
যেসকল মানুষ ভারত-পাকিস্তানের ফাইনাল বা এই দুদলের কাউকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলেন তাদের গালে থাপ্পড় বসিয়েছে শ্রীলঙ্কা। এমনটিই ভাবছেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার।
শ্রীলঙ্কার এশিয়া শ্রেষ্টত্ব অর্জন নিয়ে বলতে গিয়ে গাভাস্কার বলেন, 'সবচেয়ে বেশি এশিয়া কাপ জেতার তালিকায় ভারতের পরই রয়েছে শ্রীলঙ্কা। পরিসংখ্যানটাই যথেষ্ট ছিলো শ্রীলঙ্কাকে অবজ্ঞার চোখে না দেখার। যারা বলেছিলো ভারত-পাকিস্তান ফাইনাল হবে তাদের গালে একটি থাপ্পড় শ্রীলঙ্কার এই এশিয়া কাপ জয়।'
ভারতের মতো দল গ্রুপ পর্বে দুর্দান্ত সূচনা করে এসেও সুপার ফোরের বাঁধা পেরোতে পারেনি। পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও মাঝখানে দাপট দেখিয়েছে বেশ, শেষে এসে আবার শ্রীলঙ্কার কাছে টান দুই ম্যাচ হেরে এশিয়া কাপ স্বপ্নের সলিল সমাধি হয়েছে। অন্যদিকে, এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা ছিলো সবার ধারণার বাইরে। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে হেরে লঙ্কান সিংহরা চলে যায় আরও ব্যাকফুটে। অথচ সেই দলই কিনা দুর্দান্ত দাপটের সঙ্গে পরের সবগুলো ম্যাচ জিতে এশিয়া সেরার শিরোপাটা নিয়ে যায় নিজেদের ঘরে।