মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন

মানিকগঞ্জ সদর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে মিজানুর রহমান নামের এক ব্যক্তকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান সদর উপজেলার পূর্ব মিতরা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের সরকারী বিশেষ কৌঁসুলি (পিপি) নূরুল হুদা রুবেল জানান, বাড়ি থেকে কলেজে আসা যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্যক্ত করতো মিজানুর রহমান। ২০০৬ সালের ২৪ ডিসেম্বর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে মিজানুর ওই কলেজ ছাত্রীর ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে বাড়ির পাশে ধর্ষণ করে।

এই ঘটনার দুই দিন পর ভূক্তভোগী ছাত্রী বাদী হয়ে সদর থানায় মামলা করেন। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে মামলার তদন্ত কর্মকর্তা বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৭ মার্চ মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়।

আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে যুবকের লাশ উদ্ধার

ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। এই মামলায় মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ইত্তেফাক/নূহু