লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পণ্যবাহী গাড়ি বোঝাই ও খালাস করার মাঠে (ইয়ার্ডে) ভারতীয় ট্রাক চাপায় তহুরা বেগম (৫৫) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। তহুরা বেগমের বাড়ি বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের রেল স্টেশনপাড়া এলাকায়। তার স্বামীর নাম সাহেদুল ইসলাম।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত বুড়িমারী স্থলবন্দরের মাঠে পণ্যবাহী গাড়ি হতে গম ও ভুট্টা খালাস এবং বোঝাই করার সময় মাটিতে পড়ে থাকা ভুট্টা ও গম কুড়াতে (সংগ্রহ) থাকে ওই ইউনিয়নের উফারামারা গ্রামের তহুরা বেগম (৫৫)। এ সময় ভারতীয় ভুট্টা বোঝাই ট্রাকের পিছন অংশের চাকা দিয়ে চাপা দেয়। এতে তহুরা বেগমের শরীরের বাম অংশের কোমর থেকে পা পর্যন্ত পিষ্ট হয়। এ সময় উপজেলা দমকল বাহিনীর উদ্ধারকর্মীরা খবর পেয়ে গুরুত্বর আহতাবস্থায় তাকে (তহুরা বেগম) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি নারী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভারতীয় ট্রাকটি বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের হেফাজতে ও চালক আত্মগোপনে রয়েছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি, অভিযোগ গ্রহণ সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’