বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করেছে গবেষণা সংস্থা 'থটস অ্যান্ড থরো'।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করে সংস্থাটি।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। 'থটস অ্যান্ড থরো'র চেয়ারম্যান ইশরাত জাহান দিলরুবার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সাবেক চেয়ারম্যান ড. তাজউদ্দিন শিকদার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. শফিকুর রহমান, ড. তৌফিকুজ্জামান, বারেক কায়সার এবং অর্থনীতি বিষয়ক সম্পাদকদের সংগঠন বিজনেস অ্যান্ড ইকোনোমিক এডিটর্স গিল্ডের সমন্বয়ক কাজী আজিজুল ইসলাম।
বক্তারা বলেন, ওজোন স্তরের ক্ষয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু সেমিনারের আলোচনা হিসেবে রেখে দিলে হবে না। জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যে এর সরাসরি প্রভাব দিন দিন বাড়ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সম্ভাব্য প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক ডা. রাফিয়া রহমান।