‘নিজের মৃত্যুসনদ’ হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন

বিশ্বে নেট দুনিয়ায় অদ্ভুত কনটেন্টের কমতি নেই। কিন্তু মাঝে মধ্যে এমন সব আজগুবি জিনিসের উদয় হয়, যাতে সবাই শুধু চমকে যায় না, বিভ্রাটেও পড়ে যায়। সম্প্রতি তেমনি এক ঘটনা ঘটেছে। এ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় আলোড়ন চলছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজপেপারে এক ব্যক্তির মৃত্যুর সার্টিফিকেট হারানোর বিজ্ঞপ্তি ঘিরে শুরু হয়েছে হইচই। এই নিয়ে ভারতের এক পুলিশ কর্মকর্তা গত রোববার টুইটারে এক পোস্ট করেছেন।

ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা রুপিন শর্মা যে পোস্ট করেছেন তাতে সেই বিজ্ঞপ্তিতে লেখা আছে, আমি আমার মৃত্যুর সার্টিফিকেট লুমডিং বাজারে (আসাম) গত ৭/০৯/২২ তারিখে হারিয়ে ফেলেছি। হারানোর সময় সকাল ১০টা। সেখানে রেজিস্ট্রেশন ও সিরিয়াল নম্বর উল্লেখ করা হয়েছে।

রুপিন শর্মা তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, এটা একমাত্র ভারতেই সম্ভব। তার এমন পোস্টের পরেই নেট দুনিয়ায় একপ্রকার ঝড় বইতে থাকে।

কেউ লিখেছেন, মৃত ব্যক্তিটি কি স্বর্গ থেকে সাহায্য চাচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, যদি সার্টিফিকেটটি পাওয়া যায় তাহলে কি স্বর্গ না নরকে তা দিতে হবে।

আরেকজন লিখেছেন, কেউ তার মৃত্যুর সার্টিফিকেট হারিয়েছেন, কেউ তা খুঁজে পেলে দয়া করে ব্যক্তিটিকে ফেরত দিয়েন।