দীপাবলির প্রস্তুতির ব্যস্ততা চলছে ঘরে ঘরে। এসময় এক কিশোরীকে ঘর পরিষ্কার করতে বলেন তার মা। এতেই বাজে বিপত্তি। অভিমান করে বাড়ির মোবাইল টাওয়ারে উঠে পড়ে সে। ঘটনাটি ঘটেছে ভারতের মির্জাপুর জেলার দীহ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীপাবলি উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ওই কিশোরীর মা তাকে ঘর পরিষ্কারের নির্দেশ দেন। কিন্তু অভিযোগ, বাড়িতে আরও অনেক সদস্য থাকলেও শুধুমাত্র তাকেই কাজের নির্দেশ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পরেই গ্রামের পাশেই অবস্থিত মোবাইল টাওয়ারে চড়ে বসে।
কিশোরীকে টাওয়ারের উচ্চতায় দেখতে পেয়ে গ্রামবাসীরা প্রথমে পরিবারকে এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং টাওয়ারের নিচ থেকে কিশোরীকে শান্তভাবে কথা বলে নামানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ চেষ্টা ও বোঝাবুঝির পর শেষমেশ কিশোরীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় ওই কিশোরী ধীরে ধীরে মোবাইল টাওয়ারে উঠে যাচ্ছে। ভিডিওটি X (সাবেক টুইটার)–এ শেয়ার করেন মহম্মদ জিশান আওয়ান নামের এক ব্যবহারকারী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, কিশোরী এখন সুস্থ রয়েছে। তার কোনও শারীরিক ক্ষতি হয়নি। তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরিবার এবং প্রশাসন উভয় পক্ষই শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, শিশুরা অনেক সময় পরিবারের চাপ, অবহেলা বা বৈষম্যমূলক আচরণে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। তাই শিশুদের সঙ্গে সমতা, ভালোবাসা ও যত্নশীল আচরণ করা জরুরি।

