পুতিন রাশিয়ানদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন: জেলেনস্কি 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনেশুনে তার দেশের নাগরিকদের মৃত্যুর মুখে পাঠাচ্ছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর)  সন্ধ্যায় ভাষণে জেলেনস্কি এমন মন্তব্য করেন। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ভাষণে জেলেনস্কি ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আপনার (ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনা) সঙ্গে সভ্য আচরণ করা হবে। আপনাদের আত্মসমর্পণের পরিস্থিতি কেউ জানবে না।

গত বুধবার প্রেসিডেন্ট পুতিন রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে আংশিক সেনানিযুক্তির ঘোষণা দেন। এতে দেশটির তিন লাখ রিজার্ভ সেনা ডাকা হবে। দেশটি স্বেচ্ছায় আত্মসমর্পণ ও পলায়নের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে একটি আইন পাস করেছে। 

এরপরেই রুশ সেনাদের আত্মসমর্পণের আহব্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, বিদেশে যুদ্ধাপরাধী হিসেবে মারা যাওয়ার চেয়ে রুশ সেনাদলে বাধ্যতামূলকভাবে নাম লেখানোর পত্র প্রত্যাখ্যান করা ভালো। হামলায় নিহত হওয়ার চেয়ে তাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা ভালো।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২১৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।