তিন কেজির ইলিশ বিক্রি হলো প্রায় ১০ হাজার টাকায়

বরগুনার পাথরঘাটায় তিন কেজি ওজনের একটি রাজা ইলিশ এক লাখ ত্রিশ টাকা মণ দরে বিক্রি হয়েছে। মাছটির ওজন হয়েছিল ৩ কেজি ২০ গ্রাম। সে হিসাবে মাছটি বিক্রি হয়েছে ৯ হাজার ৭৫০ টাকায়।

রবিবার (২৫) সকালে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন পাইকার শহিদ মোল্লা। এর আগে শনিবার সাড়ে ১১টার দিকে বলেশ্বর নদীতে মাছটি ধরা পড়ে। এই বিশাল আকৃতির ইলিশ মাছটি দেখতে মৎস্য ঘাটে অনেক উৎসুক জনতা ভিড় করে।

দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে গিয়ে ট্রলার মালিক শহিদুল ইসলামের কাছ থেকে জানা যায়, গত ৩ দিন আগে পাথরঘাটা ঘাট থেকে বলেশ্বর নদীর সুন্দরনের কচিখালী এলাকায় মাছ শিকার করতে যান তারা। প্রতিদিনের মত শনিবার রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করছিলেন। পরে রাত ১১টার দিকে জাল টানতে গেলে অন্যান্য মাছের সাথে ৩ কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। এর আগে তাদের জালে আরও ২০০ পিচ ইলিশ ধরা পড়ে।

মাছটির ক্রেতা শহিদ মোল্লা জানান, সকালে জেলে মো. শহিদুল ইসলামের জালে ৩ কেজি ওজনের একটি রাজা ইলিশ ঘাটে এসেছে শুনে মাছটি ক্রয়ের জন্য নিলামে অংশ নেই। এসময় নিলামে সর্বোচ্চ দামে ১ লাখ ৩০ হাজার টাকা মণ হিসেবে ডাক দিয়ে মাছটি আমি ৯ হাজার ৭৫০ টাকায় কিনে নিয়েছি। এর থেকেও বেশি দামে বিক্রি করতে ঢাকায় মাছটি চালান করছি।

বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এবছর একের পর এক নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়লেও মাঝে মধ্যে জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। এই মাছটির ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনের সময়ে জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পড়বে।