'পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আরব আমিরাত'

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৭ রানের জয় পায় বাংলাদেশ। আরব আমিরাত হারলেও ম্যাচে ঠিকই দাপট দেখিয়েছে তারা। 

টস হেরে ব্যাট করতে নেমে আমিরাতের বোলারদের দাপটে ধুকতে থাকে বাংলাদেশের ব্যাটাররা। ৭৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তবে, আফিফ হোসেনের অপরাজিত ৭৭ রানের হার না মানা ইনিংসে ভর করে ১৫৮ রানের শক্ত পুঁজি পায় বাংলাদেশ। আমিরাতের ফিল্ডারদের ব্যর্থতায় দুইবার জীবন পান আফিফ। ১৫৯ রানের জবাবে ভালোই লড়াই করতে থাকে আমিরাতের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৭ রানের হার মানতে হয় তাদের। তবে, পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় তারা। 

ম্যাচ শেষে আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান বলেন, 'পারফম্যান্স নিয়ে অনেকটাই খুশি। আমাদের দাপট ছিল। তবে, উন্নতির জায়গা সবসময়ই থাকে। ছোট ছোট বিষয় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ঘুরে দাঁড়াবো।

আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। বড় দলগুলোর বিপক্ষে তাদের খুব একটা খেলা হয় না। তাই খেলায় উন্নতি জন্য বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলতে চান আমিরাত অধিনায়ক রিজওয়ান। 

তিনি আরও বলেন, 'ক্যাচ হাতছাড়া করলে ভালো ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাবে। তবে, আমাদের ছেলেরা ব্যাট হাতে ভাল করেছে। মাঝখানে অনেক উইকেট হারিয়ে ফেলেছে, তবে শুরুটা ভালো ছিলো। আমরা যদি বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলি, আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হবে।'