আমিরাতের মাটিতে এশিয়া কাপের আসর শেষ হওয়ার পর প্রকাশিত টি-টোয়েন্টির র্যাংকিংয়ের মোহাম্মদ নবীকে সরিয়ে শীর্ষস্থানে উঠে এসছিলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের পারফরম্যান্স খুব বেশি ভালো না হলেও এশিয়া কাপে নবীর ব্যর্থতায় সাকিবকে জায়গা করে দিয়েছিলো র্যাংকিংয়ের শীর্ষে।
সপ্তাহ দুয়েক না পেরোতেই আবারও সেই মোহাম্মদ নবীর কাছেই টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ করা র্যাংকিংয়ে টি–টোয়েন্টিতে সাকিবের রেটিং ২৪৮ থেকে কমে হয়েছে ২৪৩। সাকিবের কাছ থেকে শীর্ষস্থান পুনরুদ্ধার করা আফগান অধিনায়ক নবীর রেটিং পয়েন্ট ২৪৬।
টি-টোয়েন্টিতে নিজেরে শীর্ষস্থান হারালেও ওয়ানডে র্যাংকিংয়ে ৩৭১ রেটিং পয়েন্ট নিয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
এদিকে এশিয়া কাপে শ্রীলঙ্কাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ওয়ানিন্দু হাসরাঙ্গা আগেই র্যাংকিংয়ে উপরে উঠে এসেছিলেন। এবার এশিয়া কাপ আর অস্ট্রেলিয়া সিরিজ মিলিয়ে ভালো পারফর্ম করায় হাসরাঙ্গার সমান ১৮৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে চার নম্বরে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আর পাক অধিনায়ক বাবর আজমের খারাপ ফর্ম আর অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারতের সূর্যকুমার যাদব।
অন্যদিকে, টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অজি পেসার জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসি আর ইংল্যান্ডের আদিল রশিদের দখলে রয়েছে তৃতীয় স্থান।