উত্তর মেক্সিকান রাজ্যে বুধবার (২৮ সেপ্টেম্বর) দেশটির ছয়জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে বন্দুকধারীরা। মাদক পাচারের রুট নিয়ে 'কার্টেলদের' মধ্যে লড়াই হচ্ছিল। সেই সময় বন্দুকধারীর হাতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়। মেক্সিকান পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
জাকাতেকাস রাজ্য সরকার জানিয়েছে, ক্যালেরা দে ভিক্টর রোজালেসের একটি স্পোর্টস কেন্দ্রে প্রশিক্ষণের সময় পুলিশের পাঁচ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর পরে আরও দুই আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করা হয়, যাদের মধ্যে একজন নিহত হয়।
জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল এই হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে নিন্দা করেছেন। নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকাটেকাসে সহিংসতা বেড়েছে। বিশেষজ্ঞরা, যুক্তরাষ্ট্রে লাভজনক মাদক চোরাচালান রুট নিয়ন্ত্রণের জন্য সিনালোয়া এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে একটি তীব্র বিরোধের কথা উল্লেখ করেছেন।